হাওজা নিউজ এজেন্সি: সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানি প্রতিনিধিদলে আরাকচির সঙ্গে উপস্থিত ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এবং রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ অন্যান্য রুশ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
আল জাজিরার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন যে ইরানের জনগণ এই “কঠিন সময়” অতিক্রম করতে পারবে এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, রাশিয়া ইরান এবং অঞ্চলের অন্যান্য দেশের স্বার্থে যা সম্ভব, তা-ই করবে—এ কথা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নিউজও জানিয়েছে।

পরে ইরানি গণমাধ্যম জানায়, আরাকচি জোর দিয়ে বলেন যে ইরান–রাশিয়া সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্ব, যা ভবিষ্যতেও দৃঢ়ভাবে অব্যাহত থাকবে।
ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইরানের সরকার স্থিতিশীল, সুসংগঠিত এবং শক্তিশালী। তিনি বলেন, “এটিও স্পষ্ট হয়েছে যে রাশিয়ার মতো বন্ধু ইরানের পাশে কঠিন সময়েও দাঁড়িয়ে থাকে এবং সমর্থন দেয়।”
এ সময় রাশিয়ার সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে পুতিন ইরানের জনগণের প্রশংসা করে বলেন, তারা নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছে।
আপনার কমেন্ট